৪৬ বছর। মহান স্বাধীনতার সৈনিকদের আত্মা শান্তি পাক। পেয়েছিলাম লাল সবুজ পতাকা আর সবুজ ভূমি। শুরু হয়েছিল এক পবিত্র প্রদীপ্ত চেতনার। . তিনি বিদেশ থেকে মাছ আমদানী করেন। ল্যাবরেটরি ইনচার্জকে বললেন, আমরা যেভাবে চাই সেভাবে রিপোর্ট দিতে পারবেন না? যা চান তাই দেব। . কেন? . না, মানে আমদানি মাছে খুব সীসা থাকে তো, ধরা পড়লে মাল খালাস হবে না। . পাক সেনাদের প্রচণ্ড গোলাগুলিতে আমাদের সৈনিকদের ছোট্ট দলটি পিছু হটতে থাকলে যখন সবাই চিৎকার করে দলের গুলি করতে থাকা দুই বীর যোদ্ধাকেও সরে যেতে বলেছিল, তখন হাবিলদার মিয়াঁ হোসেন আর ল্যান্স নায়েক মোস্তাফিজ বলেছিল, তোমরা সবাই চলে যাও, আমরা এক বিন্দু রক্ত থাকতে এক ইঞ্চি ভূমি ছাড়ব না। পাক হানাদারদের মর্টার শেলের আঘাতে খণ্ডবিখণ্ড হয়ে গিয়েছিল তাঁরা। ভূমি ছাড়েনি। . সেই ভূমিতে আজ আমরা। . কাস্টমস কমিশনার বললেন, আমরা খুব অসহায়। বন্দরে কোনো খাদ্য পণ্য বা উপকরণ আটকাতে বা পরীক্ষা করতে পারি না। আদালতের রায় নিয়ে এসে আমদানিকারকগণ মাল খালাস করে নিয়ে যায়। কি আসে, কি যাচ্ছে কিছুই বুঝতে পারি না!! . মুক্তিযোদ্ধা মকবুল। নীলফামারী সদরে পাকবাহিনীর ক্যাম্পে গ্রেন্ড চার্জ করতে গিয়ে ধরা পড়েছিল। পিটিয়ে আধামরা করে ড্রাম ভর্তি গরম পানিতে সিদ্ধ করে হাড় মাংস আলাদা হয়ে গেলে মকবুলের কঙ্কাল গাছের ডগায় ঝুলিয়ে রেখেছিল পাকিরা। . সেই ভূমিতে আজ আমরা। . এক বিলিয়নিয়ারের গুড়া দুধে পাওয়া যায় পঞ্চাশগুণ বেশি সীসা। আর এক বিলিয়নিয়ারের গোডাউন ভর্তি মেয়াদ উত্তীর্ণ বাচ্চাদের চকলেট। মেশিন দিয়ে তারিখ তুলে আবার নতুন তারিখ দেন। . আঙ্গুল বাঁকা বেটে বামন আবু বকর যুদ্ধে যাবে। বয়স কম হওয়ায় চাচা যেতে দেবে না। এক রাতে চাচার হাত ধরে আবু বকর বলেছিল আজ রাতেই যেতে না দিলে কাল সকালে গাছে আমার ঝুলন্ত লাশ দেখবে। অসহায় চাচা ছেড়ে দেয়। বাব মাকে না জানিয়ে রাতের আঁধারে হারিয়ে যায় একমাত্র ছেলে সন্তান আবু বকর। . যুদ্ধে ধরা পড়ে তাঁর হাত পা বেঁধে জীপ গাড়ির পিছনে দড়ি দিয়ে ঝুলিয়ে দেয় পাকি আর রাজাকারেররা। ইট বিছানো রাস্তায় মাইলের পর মাইল ঘুরতে থাকে জীপ ভর্তি পাকিরা। সঙ্গে বীভৎস উল্লাস। দড়ির সাথে ঝুলে থাকে বেটে বামন আবু বকরের কঙ্কাল। স্বাধীনতার কয়েকমাস পর মারা যায় তাঁর মা। পুকুর পাড়ে বসে বসে কাঁদত মা। “বাবা আবু বকর একবার ফিরে আয় বাবা, একবার ফিরে আয়”। কয়েকবছর পর চলে যায় বাবা। . সেই ভূমিতে আজ আমরা। . সেই দেশের প্রতিটি খাবারে বিষ। কীটনাশক, ভারী ধাতু আর ক্যামিকেল মেশানো হয় জীবন রক্ষাকারী খাবারে। যেখানে সদ্য জন্ম নেয়া বাচ্চার শরীরে কাজ করে না কোনো এন্টিবায়োটিক। প্রায় সবার শরীর হয়ে যাচ্ছে এন্টিবায়োটিক রেসিস্ট্যান্ট। বাচ্চাদের প্রিয় মুরগীর মাংসে ভরা এন্টিবায়োটিক রেসিডিউ। পুকুর নদি নালা খাল বিল সব পানির মাছে ভরা বিষ ভারী ধাতু। . প্রেসক্রিপশন ছাড়া অবাধে বিক্রি হয় ঔষধ। প্রেসক্রিপশন ছাড়া বিক্রি হয় কীটনাশক। . দুই কৃষক মুক্তিযোদ্ধা পাকিদের ক্যাম্প দখল করে পেয়েছিল দুই ট্রাংক সোনা আর রুপার গয়না। একটি দানাতেও হাত না দিয়ে ট্রাংক দুটি জমা দিয়েছিল মিত্রবাহিনী কর্তৃপক্ষের কাছে। . সেই ভূমিতে আজ আমরা। . কপালে দাগ আর হাতে তসবী, অর্ধেক ঘুষ নিয়ে দৌড়ে নামাজ পড়ে এসে বাকি অর্ধেক ঘুষ আদায় করা হয়। মসজিদে ঢুকে প্রথমেই জুতা স্যান্ডেল বাঁচানোর চিন্তা করতে হয়। . কৃষক মজিদ জমিতে কাজ করছিল। পাশ দিয়ে অপারশনে যাওয়া মুক্তিযোদ্ধাদের একটি দল দেখে কাজ ফেলে তাঁদের পথ রোধ করে দাঁড়ায়, তাঁকেও যুদ্ধে নিতে হবে। অস্ত্র ধরতেও জানে না সে, নেই কোনো ট্রেনিং। কম্যান্ডার নেবে না। নাছোড়বান্দা মজিদ। দেশ স্বাধীন করতে যাবেই সে। হাতে থ্রী নট থ্রী রাইফেল ধরিয়ে দিয়ে কেমন করে ট্রিগার চাপতে হয়ে দেখিয়ে দেয় কম্যান্ডার। . অপারেশন শেষে সবাই ফিরে আসে। আসেনি মজিদ। . কাল খুব আনন্দ উৎসব হবে। লাল আর সবুজের সমাহার। মহান পবিত্র বিজয় দিবস। . জানালা আর দরজা খুলে রাখি আমি এইদিনে। কোথাও বের হই না। আনন্দ করব সেই দিন, যেদিন ওরা ফিরে আসবে আবার। . মূল লেখা: Mahbub Kabir Milon Sir, Join Secretary - Bangladesh Food Safety Authority, Government of the People's Republic of Bangladesh. . কমেন্ট থেকে - (এই ৪৬ বছরে কি পেলাম? গুলশান-বনানী ভিক্ষুক মুক্ত এলাকা, মাথা পিছু আয় (যা চোখে দেখা যায় না) ছাড়া? সীমাহীন দুর্নিতি, ঘুষ,অনিয়ম,খুন রাহাজানি, প্রতিদিন ধর্ষন,হাসপাতাল এ গেলে ডাক্তার নাই, রেলওয়ে টিকিট কাউন্টারে গেলে টিকিট নাই কই যায় উনারাই জানেন, BRTA আরেক আতংকের নাম,পুলিশ ভেরিফিকেশন জনগন শুনলে জ্বর চলে আসে গায়ে, আমরা দুর্নীতিতে নাক পর্যন্ত ডুবে আছি। যেভাবে চলছে আর কদিন পর মাথাও ডুবে যাবে। আইনের প্রয়োগ এর কথা নাহয় নাই বললাম, আইনের শাষন কতটুকু আছে তা সরকার থেকে জনগন বেশি ভাল জানে। প্রতিটা সেক্টরে সাধারণ জনগন হয়রানীর স্বীকার, রাজনৈতিক প্রভাব-টাকার প্রভাব যাদের আছে তারা ভাল আছে। আমাদের পূর্বপুরুষরা কি এমন বাংলাদেশ এর স্বপ্ন দেখেছিল?)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি