এই দৃশ্য
রোজ সকালে শুয়ে শুয়ে ভাবি উঠি কিনা উঠি,
সামনে টেবিলে চায়ের পেয়ালা সেকা পাউরুটি।
সতেজ কাগজে পরিচিত ঘ্রাণ, চেনা সংবাদ
বন্যা, মন্ত্রী, শান্তির বাণী, শরিকি বিবাদ।
জানালার পাশে এই সংসার দিল তার ডাক
থাক আলস্য, এইবার তাহলে উঠে পড়া যাক।
গত রাত্রিকে বিছানায় ফেলে বাইরে এলাম
চোখে মুখে গায়ে পৃথিবী লিখলো সূর্যের নাম
সে নাম থাকবে চিরদিন ধরে চিহ্নের মতো
যেন আমি জীবিকার পথে ঘুরি ক্রমাগত।
চোখের আড়ালে এসে চলে যায় বর্ষা শরৎ
যাকে চাই তাকে ভুলে গিয়ে শুধু খুঁজে ফিরি পথ।
দিনের যুদ্ধে সমস্ত আশা নিঃশেষ হলে
রাত্রি তার প্রেয়সীর মত আভরণ খোলে।
তার রূপ যেন মৃত্যুর মত ম্লান মনে হয়
সঁপে দেই তাকে নিজের ব্যর্থ ক্লান্ত হৃদয়।
শুধু মনে মনে প্রার্থনা করি অস্ফুট স্বরে,
নতুন দৃশ্য ঘুম ভেঙে যেন দেখি কাল ভোরে।
.
এই দৃশ্য
– সুনীল গঙ্গোপাধ্যায়
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন