সেদিন ক্লাসে রিসার্চ মেথডোলজির শ্রদ্ধেয় ডঃ মামুন হাবিব স্যার কিছু সুন্দর কথা বলেছিলেন। সে আলোকে এই লেখা লিখতে বসলাম। বাইরে নাকি যখনই কোন দুই ভারতীয়র দেখা হয় তখন তারা হিন্দিতে তাদের আলাপচারিতা সেরে নেয়। কিন্তু যখন দুই বাঙ্গালির দেখা হয় তারা একেঅপরের সাথে ইংরেজিতে কথা বলেন। এটা স্যারের দেখা তাই শেয়ার করলাম; ব্যতিক্রম থাকতেই পারে। স্যারের ভাষ্যমতে, আমরা বাঙ্গালিরা নিজেদের ভাষার কদর দিতে জানি না। তাইতো এখনো ইংরেজি ভাষা দিয়ে আমাদের যাচাই করা হয়। আমরা নিজস্ব ভাষায় বিজ্ঞান চর্চা করি না; করি পরের ভাষায়। “যাঁরা বলেন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা হয় না, তাঁরা হয় বাংলা জানেন না, নয় বিজ্ঞান বোঝেন না।” কথাটি আমার না – বিশ্বখ‍্যাত বাঙালী পদার্থ বিজ্ঞানী 'সত‍্যেন্দ্রনাথ বসুর।
.
অনেকেই হা হুতাশ করেন কেন তারা ইংরেজি দক্ষতার সাথে বলতে পারেন না। স্যার সেদিন বললেন, হীনমন্যতায় না ভুগতে। এটা তো আমাদের মাতৃভাষা নয়; তাই আমাদের সঠিকভাবে বিদেশিদের মত পারার কথাও নয় (সাধনায় আয়ত্ত্ব সম্ভব)। ইংরেজি আন্তর্জাতিক মাধ্যমে ব্যবসা পরিচালনা ও যোগাযোগে কাজে লাগে। আপনারা থাই ও চিনাদের ইংরেজি বলা দেখবেন দয়া করে। চাকরিসুবাদে আমাকে একাধিকবার চিনাদের সাথে বসতে হয়েছে। সমস্যা হয়েছে প্রতিবারই তাদের ইংরেজি এতটাই দুর্বল যে আপনি 'দুঃখিত' বলতেই অনেক সময় নিবেন। তারপরেও থাই বলেন আর চিনাদের বলেন- তাদের বাণিজ্যে কেউ আটকাতে পারেনি। তারা চালিয়ে নেবার মত ইংরেজি পারে; নিজের ভাষায় কথা বলে নিজেদের উন্নত করেছে। এই থাই আর চিনাদের অবস্থা একসময় আমাদের চেয়েও খারাপ ছিল। তারা সেখান থেকে উন্নত করেছে নিজেদের। তাই ইংরেজি ভাষায় দক্ষতা আপনাকে উন্নতি এনে দিবে এটায় চূড়ান্ত বিশ্বাস বোকামি।
.
আমি যখনি চাকরির সাক্ষাৎকারে গিয়েছি তখনি মনে মনে বলেছি, যে বা যারা সামনে থাকবেন তারা আমারই মত মানুষ এবং কোন ব্রিটিশ বা আমেরিকান নন। তারা যেমন ইংরেজি পারেন আমিও তেমন পারি। এই আত্মবিশ্বাসটুকু নিজের মধ্যে ধারণ করলে আশা করি চালিয়ে নেয়া ইংরেজি দিয়ে অনেকদূর যাওয়া যায়। আমি ইংরেজিতে দক্ষ না; প্রাঞ্জলতার সাথে বলতে পারি না সেটা নিয়ে আমার আফসোস! নিজের মাতৃভাষা পারি না; শুদ্ধ করে কথাই বলতে পারি না সেদিকে আমার ভ্রুক্ষেপ নেই।
.
আমি আমার বাংলা ভাষা বলতে পারি তো? বাংলা ভাষায় সঠিক উচ্চারণে দক্ষতা আনতে আমরা কী পরিমাণ অর্থকড়ি খরচ করেছি? ভাষার শব্দভাণ্ডার বাড়াতে কী পরিমাণ সময় ব্যয় করেছি? প্রশ্ন রাখলাম নিজের কাছে; আপনাদের কাছে  ভাবুন, নিজেকে প্রশ্নগুলো করুন  সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি